ঢাকাই সিনেমার ‘কিং খান’ শাকিব খানের জন্মদিন গতকাল (২৮ মার্চ)। বিশেষ এই দিনটিতে শাকিবকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তাঁর দুই সন্তানের মা অপু বিশ্বাস ও শবনম বুবলী। তবে বরাবরের মতো এবারও প্রশ্ন ছিল—শুভেচ্ছা জানানোর দৌড়ে কে প্রথম হলেন?
সময়ের হিসেবে এবার বাজিমাত করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। রাত ১২টা বাজার পরপরই অর্থাৎ জন্মদিনের প্রথম প্রহরেই তিনি ফেসবুক স্টোরির মাধ্যমে শাকিবকে শুভেচ্ছা জানান। সরাসরি কোনো পোস্ট না দিলেও শাকিবের হাত ধরে নাচের ভঙ্গিমায় একটি আবেগঘন মুহূর্ত শেয়ার করেন অপু, যার ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘হ্যাপি বার্থডে’র সুর। কোনো কথা না লিখেও দৃশ্যপটেই শাকিবের প্রতি নিজের শুভকামনা ফুটিয়ে তুলেছেন তিনি।
অপুর শুভেচ্ছার পর ভক্তদের নজর ছিল শবনম বুবলীর দিকে। দীর্ঘ অপেক্ষার পর বিকেলের দিকে নিজের ভেরিফাইড পেজে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়, সন্তান শেহজাদ খান বীরকে জড়িয়ে ধরে আছেন শাকিব খান। গত বছর যুক্তরাষ্ট্রে কাটানো সেই পারিবারিক মুহূর্তের ছবির ক্যাপশনে বুবলী সংক্ষেপে লিখেছেন, ‘শুভ জন্মদিন’, সাথে ছিল ভালোবাসার ইমোজি।
বুবলীর পোস্টটি আসার পর ভক্তদের মন্তব্যের বন্যা বয়ে যায়। তবে অপু বিশ্বাসের অনেক পরে শুভেচ্ছা জানানোয় অনেক ভক্তই প্রশ্ন তুলেছেন। সাবা রহমান নামে একজন মন্তব্য করেছেন, ‘তাই বলে, এত দেরি করে কেন আপা?’ অধিকাংশ অনুসারীই এই দুই নায়িকার শুভেচ্ছা বিনিময়ের সময় ও ধরন নিয়ে নিজেদের মতো করে বিশ্লেষণ করছেন।
জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেও শাকিব খান বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন মালয়েশিয়ায়। সেখানে আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমার শুটিং চলছে। জন্মদিনের বিশেষ উপহার হিসেবে আজই সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ পেয়েছে, যেখানে ট্যাটু ও ক্যাজুয়াল লুকে শাকিবকে বেশ বিধ্বংসী মেজাজে দেখা গেছে। এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা।

