বাংলাদেশের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান Shwapno–এর গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হওয়ার ঘটনা প্রায় তিন মাস পর প্রকাশ্যে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের নাম, ফোন নম্বর ও কেনাকাটার তথ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে বলে জানিয়েছে
শনিবার দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, গত ডিসেম্বরে হ্যাকাররা কোম্পানির ডেটাবেজ নিয়ন্ত্রণে নেয় এবং পুনরায় অ্যাক্সেস ফিরিয়ে দিতে ১৫ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করে। তবে প্রতিষ্ঠানটি হ্যাকারদের সঙ্গে কোনো আপস করেনি বলে তিনি জানান।
বর্তমানে দেশের ৬৩টি জেলায় স্বপ্ন’র ৮১২টি আউটলেট রয়েছে এবং প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি। ফাঁস হওয়া তথ্যে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর এবং তাদের কেনাকাটার বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কতজন গ্রাহকের তথ্য ঝুঁকিতে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
নাসির জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান স্বপ্ন দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ এবং পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সঙ্গে বিষয়টি তদন্ত ও সমাধানে কাজ করছে। তার দাবি, ইতোমধ্যে সিস্টেম সুরক্ষিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে এখন পর্যন্ত সম্ভাব্য ডেটা ফাঁসের বিষয়ে গ্রাহকদের জন্য কোনো আনুষ্ঠানিক সতর্কবার্তা বা পাবলিক স্টেটমেন্ট দেওয়া হয়নি।
ঢাকার গুলশানের এক গ্রাহক দ্য ডেইলি স্টারকে জানান, ফাঁস হওয়া ডেটাবেজে ফোন নম্বর দিয়ে খোঁজ করলে তার স্ত্রীর নাম, কেনাকাটার তথ্য ও লেনদেনের বিস্তারিত পাওয়া যায়। তার মতে, যদি এত সহজে তথ্য পাওয়া যায়, তাহলে আরও বহু গ্রাহকের তথ্য ঝুঁকির মুখে থাকতে পারে।
হ্যাকিংয়ের ঘটনা তিন মাস আগে ঘটলেও কেন বিষয়টি আগে শনাক্ত করা যায়নি—এ প্রশ্নের জবাবে নাসির বলেন, প্রতিষ্ঠানটি সম্প্রতি বিষয়টি জানতে পেরেছে। তিনি বলেন, হ্যাকারদের অনৈতিক দাবি প্রত্যাখ্যান করার পর তারা বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করে।

