দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে বীরগঞ্জে বসতবাড়িতে অবৈধভাবে মজুদ করা ৩৮০ লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দুপুরে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধনগাঁও গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভেতরে জারকিন ও বিভিন্ন পাত্রে সংরক্ষিত মোট ৩৮০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়, যার মধ্যে ৩৫০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন ছিল।
এ ঘটনায় ধনগাঁও গ্রামের জগদিশ রায়ের ছেলে পরিতোষ রায় (২৭)-কে দোষী সাব্যস্ত করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।
অভিযান শেষে জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন।
এ বিষয়ে ইউএনও সুমা খাতুন বলেন, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম অভিযানের এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের সংবাদ নিশ্চিত করে বলেন, সাত দিনের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে এবং জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

