সালমান আহমদ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার রাতে উপজেলার ধনপুর ইউনিয়নের গামারীতলা এলাকা থেকে এসব ঔষধ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায় মাছিমপুর বিওপির একটি চৌকস দল সীমান্ত পিলার ১২০৮/৫ এস এর নিকটবর্তী এলাকা থেকে ১১ হাজার ৯৭০ পিস জুভিমাইড ক্যাপসুল ৫ হাজার পিস আইসোনেক ট্যাবলেট এবং ১২০ পিস ক্লাসিড ইনজেকশন আটক করে।
জব্দকৃত এসব ভারতীয় ঔষধের বাজারমূল্য আনুমানিক ১৭ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা।
এই বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ঔষধগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

