এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
একজন মহিলা যাত্রীকে কথিত ধর্ষনের অভিযোগে যমুনা বাস চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে জামালপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। ২৬ মার্চ বাস ও মিনিবাস মালিক সমিতি ওই নিষেধাজ্ঞা জারি করে। কয়েক বছর যাবৎ যমুনা বাস বকশীগঞ্জ থেকে ঢাকা রোডে চলাচল করে আসছিলো। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ।
জানা যায়, যমুনা বাস যাত্রী নিয়ে ২৫ মার্চ বকশীগঞ্জ শহরে আসছিলো। আসার পথে শেরপুরের আখেড় মামুদ বাজারে অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর শুধুমাত্র একজন মহিলা যাত্রী বাসে ছিলো। একজন শিশু ছেলে সন্তানও ছিলো মহিলা বাস যাত্রীর সাথে। বাসের একাধিক স্টাফ মিলে মহিলা যাত্রীর শিশু ছেলেকে জিম্মি করে ওই মহিলা যাত্রীকে ধর্ষন করে।
বিষয়টি জানাজানি হওয়ার পর শেরপুরের আখেড় মামুদ বাজারের লোকজন বাসটি আটক করে শেরপুর সদর থানা পুলিশের কাছে সোর্পদ করে। বিষয়টি নিয়ে নির্যাতিত নারী প্রথম পর্বে বলেন, তার শিশু ছেলেকে জিম্মি করে তাকে ৫/৬ জন মিলে ধর্ষণ করে। ধর্ষণকারীরা বাসের স্টাফ। তাদের একজনের নাম পাখি। ওই নারীর বক্তব্য সোসাল মিডিয়ায় ভাইরাল হয়।
সোসাল মিডিয়ায় ওই নারীর প্রথম পর্বের বক্তব্য প্রচারিত হওয়ার পর দ্বিতীয় পর্বের বক্তব্যে বলেন, ঘটনা তেমন কিছু ঘটেনি। সব কিছু ঠিকঠাক আছে। রাগের বসবতি হয়ে তিনি যমুনা বাসের স্টাফদের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ করে ছিলেন। কিন্তু প্রকৃত পক্ষে ভাড়া নিয়ে সামান্য মনোমালিন্য হয়ে ছিলো। ধর্ষনের ঘটনা ঘটেনি। তার দ্বিতীয় পর্বের বক্তব্যও সোসাল মিডিয়ায় ভাইরাল হয় ও সমালোচনার ঝড় উঠে।
বিষয়টি আলোচিত হওয়ার পর জামালপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির টনক নড়ে। সমিতির সিদ্ধান্ত মোতাবেক যুমনার সাইনবোর্ড বা ব্যানার বহন করে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে ঢাকায় যে কয়টি বাস চলাচল করে থাকে সব কয়টি বাসের উপর নিষেধাজ্ঞা জারি করেন। সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভর স্বাক্ষরিত ২৬ মার্চ একটি লিখিত আদেশ পত্রে ওই নিষেধাজ্ঞা জারি করেন। আদেশটি ২৭ মার্চ থেকে কার্যকরি করার নির্দেশনা দিয়েছে জামালপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিএি কারণে বকশীগঞ্জ-ঢাকা রোডে যমুনা বাস চলাচল বন্ধ রয়েছে।
এ ব্যাপারে যমুনা বাস সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক লুৎফর রহমান লিটন জানান, বকশীগঞ্জ-ঢাকা রোডে যমুনা নামে যে কয়টি বাস চলাচল করে সব কয়টি বাসের সার্ভিসের গুনগত মান ভালো। তাই যমুনা বাস সার্ভিসের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলমান আছে। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই যমুনা বাস সার্ভিস বৈষম্যোর শিকার হয়ে আসছে। মিথ্যা ও সাজানো ঘটনা দিয়ে পরিবহনের কলংক করা হচ্ছে। কোন ঘটনা ঘটলে যে কোন ব্যাক্তির আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে। যে কাল্পনিক বিষয় নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার কোন আইনগত ভিত্তি নেই। কোন মামলা বা অভিযোগও কেউ করেনি। তার পরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জামালপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ জানান, নানা অপরাধ কার্যক্রমের সাথে জড়িত থাকার কারণে যুমনার ব্যানারে বকশীগঞ্জ থেকে ঢাকা রোডে যমুনা নামের বাস চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সিদ্ধান্ত কারও একার না। সাংগাঠনিক সিদ্ধান্ত।

