মোঃ শরিফ বিল্লাহ, ডোমার উপজেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলায় মোটরসাইকেলের তেল শেষ হয়ে যাওয়ায় ট্যাংকি খুলে ফিলিং স্টেশনে তেল নিতে আসার একটি ব্যতিক্রমী ঘটনা দেখা গেছে।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় ডোমার-নীলফামারী সড়কের একটি ফিলিং স্টেশনে এই দৃশ্য নজরে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যুবক তাদের মোটরসাইকেলের ট্যাংকি খুলে আলাদাভাবে পাম্পে এনে তেল সংগ্রহ করেন।
তাদের একজন জানান, পারিবারিক প্রয়োজনে ব্যবহৃত মোটরসাইকেলের তেল হঠাৎ শেষ হয়ে যাওয়ায় এমন পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। মোটরসাইকেল ঠেলে পাম্প পর্যন্ত নিয়ে আসা কষ্টসাধ্য হওয়ায় তিনি ট্যাংকি খুলে নিয়ে আসেন।
আরেক যুবকও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, পথেই তেল শেষ হয়ে যাওয়ায় বিকল্প কোনো উপায় না পেয়ে তিনি ট্যাংকি খুলেই তেল নিতে বাধ্য হন।
এদিকে ঘটনাটি ঘিরে উপস্থিত লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ এভাবে তেল নেওয়াকে ঝুঁকিপূর্ণ বা নিয়মবহির্ভূত বলে মন্তব্য করেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি হননি।

