মোঃ শরিফ বিল্লাহ, ডোমার উপজেলা প্রতিনিধি :
ডোমার উপজেলায় মোটরসাইকেলের তেল শেষ হয়ে যাওয়ায় ট্যাংকি খুলে ফিলিং স্টেশনে এনে তেল নেওয়ার একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় ডোমার-নীলফামারী সড়কের একটি ফিলিং স্টেশনে এ দৃশ্য দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যুবক তাদের মোটরসাইকেলের ট্যাংকি খুলে আলাদাভাবে পাম্পে এনে তেল সংগ্রহ করেন।
তাদের একজন জানান, পারিবারিক কাজে ব্যবহৃত মোটরসাইকেলের তেল হঠাৎ শেষ হয়ে যাওয়ায় তিনি এমন পদ্ধতি অবলম্বন করেন। মোটরসাইকেল ঠেলে পাম্প পর্যন্ত নিয়ে যাওয়া কষ্টসাধ্য হওয়ায় ট্যাংকি খুলে নিয়ে আসেন তিনি।
আরেক যুবকও একই অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, পথে তেল শেষ হয়ে যাওয়ায় বিকল্প কোনো উপায় না পেয়ে ট্যাংকি খুলেই তেল নিতে বাধ্য হন।
ঘটনাটি ঘিরে উপস্থিত লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ এটিকে ঝুঁকিপূর্ণ ও নিয়মবহির্ভূত বলে মন্তব্য করেন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

