নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় উচ্ছেদ অভিযান চালিয়ে ২.২৪ একর বনভূমির জায়গা দখলমুক্ত করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে বনবিভাগ।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কালিরহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান ও মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আল আমিন।
বন বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জয়পুর ইউনিয়নের কাতলমারী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সাদ্দাম হোসেন (৪৫) অবৈধভাবে সংরক্ষিত বনভূমি দখল করে সেখানে গরুর ফার্ম ও রাইস মিল স্থাপন করে দখলে রেখেছিলেন। বন বিভাগের পক্ষ থেকে একাধিকবার নোটিশ প্রদান এবং বন আইনে মামলা দায়ের করা হলেও তিনি দখল ছাড়েননি। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমিটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জমিতে তাৎক্ষণিকভাবে বিভিন্ন প্রকার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের উদ্ধার অভিযান ও বনায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন মধ্যপাড়া বিট কর্মকর্তা রাফিউল ইসলাম, আফতাবগঞ্জ বিট কর্মকর্তা সাইফুল ইসলাম, আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম, ভাদুরিয়া বিট কর্মকর্তা এম এস নুরসহ সংশ্লিষ্টরা।

