জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে র্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৫, সিপিসি-৩-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে ২৬ মার্চ রাতে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন খঞ্জরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনঃ ছাকাউল ইসলাম (২৭), পিতা: আব্দুল রাজ্জাক, সাং-ইউসুফপুর, ক্ষেতলাল, জয়পুরহাট।
দুলাল হোসেন (৫০), পিতা: মৃত হাজের আলী মোল্লা, সাং-দরবেশপাড়া, ক্ষেতলাল, জয়পুরহাট।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন প্রায় ৯.৯ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩৬,৩০০ টাকা। এছাড়াও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

