জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ও লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার দুই বছরের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটেছে। স্বামীর বিরুদ্ধে বারবার প্রতারণা ও পরকীয়ার অভিযোগ তুলে বিচ্ছেদের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মৌসুমী নিজেই।
দীর্ঘদিন নীরব থাকার পর বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেছেন মৌসুমী। তিনি জানান, বিয়ের মাত্র আট মাসের মাথায় তিনি প্রথম স্বামীর প্রতারণার বিষয়টি জানতে পারেন।
“সংসারের কথা ভেবে কয়েকবার ক্ষমা করেছি, কিন্তু এবার প্রমাণসহ সিরিয়াস কিছু ধরা পড়েছে। আমার মনে হয়েছে যথেষ্ট হয়েছে, আর নয়। এর চেয়ে আলাদা থাকাই ভালো।”
অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগ অস্বীকার করেছেন আবু সাইয়িদ রানা। তিনি জানান, গত চার মাস ধরে তাঁরা আলাদা থাকছেন। তবে বিচ্ছেদের কারণ নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি। তাঁর ভাষ্য, “একসঙ্গে থাকতে পারছি না, তাই আলাদা থাকা। এর বাইরে আপাতত কিছু বলার নেই।”
২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছিল। বিয়ের সময় মৌসুমী জানিয়েছিলেন, দুই বছরের পরিচয়ের পর দুই পরিবারের সম্মতিতে তাঁরা ঘর বেঁধেছিলেন। তবে দুই বছর পার হওয়ার আগেই সেই সংসারে ভাঙন ধরল।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখা মৌসুমী হামিদ ছোটপর্দা ও ওটিটি মাধ্যমে অত্যন্ত জনপ্রিয়। পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেও তিনি প্রশংসিত হয়েছেন।

