মহান স্বাধীনতা দিবসের ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকা অভিমুখী আন্তঃনগর ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ২৬ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন ট্রেনের শত শত যাত্রী।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ট্রেনটি ফৌজদারহাট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এর ‘পাওয়ার কার’ (বিদ্যুৎ সরবরাহকারী বগি) থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়লে ঘুমন্ত যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামার চেষ্টা করেন।
আগুনের খবর পাওয়া মাত্রই কুমিরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির হাত থেকে ট্রেনটি রক্ষা পেয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে লাইন সচল করার কাজ চলছে। তবে বৈদ্যুতিক গোলযোগ নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

