বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে এমপি প্রার্থী ডা. গোলাম কবিরের (৭০) ছোড়া গুলিতে আপন ছোট ভাই মিন্টু নিহত হয়েছে। গোলাম কবিরকে এলাকার জনগন আটক করে তার বাড়িতে বেধে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে গোলাম কবিরকে আটক করে থানায় নিয়ে যায়।
জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে গোলাম কবিরের সাথে ভাইদের দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল। এ নিয়ে থানায় একাধিক মামলাও রয়েছে। আজ বুধবার সকালে উপজেলার চতুল গ্রামের বাড়ির নিকট থেকে একটি গাছ কাটতে যায় মিন্টু। খবর পেয়ে গোলাম কবির ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাধা দেয়। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে গোলাম কবির তার লাইসেন্সকৃত শর্টগান দিয়ে সরাসরি গুলি করে। ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়। মিন্টুর লাশ বর্তমানে হাসপাতালে রয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডা. গোলাম কবিরকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

