এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরে সড়কে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার, একটি মাইক্রোবাস ও ২ গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার(২৫ মার্চ) দুপুরে র্যাব-১৪ এর সহকারী পরিচালক মেজর লাবিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জামাপুরের র্যাব-১৪ একটি টিম ২৫ মার্চ সকালে জামালপুরের গোপালপুর বাজারে একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায়। অভিযানে র্যাব সদস্যরা সন্দেহভাজন একটি মাইক্রোবাস থামানোর সংকেত দেন। চালক মাইক্রোবাসটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
র্যাব সদস্যরা ধাওয়া করে জামালপুর-ময়মনসিংহ সড়কের মুক্তাগাছায় মাইক্রোবাসটি আটক করতে সক্ষম হয়। ওই সময় র্যাব সদস্যরা মাইক্রোবাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, মাইক্রোবাস ও গাঁজা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জ জেলার আব্দুল মালেক(৩৮) ও গোপালগঞ্জ জেলার মোহন মৃধা(৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। একই সময় নগদ ১ হাজার ২৭৫ টাকা ও ৩টি মোবাইল ফোন জব্দ করে।
এব্যাপারে র্যাব-১৪ এর সহকারী পরিচালক মেজর লাবিদ আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে র্যাবের সার্বক্ষনিক অভিযান চলমান আছে। জামালপুর ও শেরপুর জেলাকে মাদকমুক্ত করতে র্যাব-১৪ সব সময় তৎপর।

