সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার জোরালো প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক মাসে ভারতের হাইকমিশনারের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে শেখ হাসিনার বিরুদ্ধে গত ১৭ বছরে ওঠা বিভিন্ন অভিযোগ এবং কোন কোন মামলায় ইতিমধ্যে সাজা হয়েছে, সেই বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আলোচনায় শেখ হাসিনার পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের ফিরিয়ে আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং এটি ইতিমধ্যে একটি সুনির্দিষ্ট আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আমরা প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছি।”
তিনি আরও জানান, তাঁর নিজস্ব পর্যায়ের আলোচনার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও ভারতীয় কর্তৃপক্ষের এ বিষয়ে নিয়মিত যোগাযোগ হচ্ছে। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

