বহুল আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে গেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে কলকাতা থেকে বিশেষ বিমানে করে তাদের দিল্লিতে স্থানান্তর করা হয়। আজ মঙ্গলবার তাদের এনআইএর বিশেষ আদালতে তোলার কথা রয়েছে।
এর আগে গত ২২ মার্চ এনআইএর পক্ষ থেকে কলকাতার বিধাননগর আদালতে অভিযুক্তদের জেরা করার আবেদন জানানো হয়। প্রাথমিকভাবে আদালত তাতে সম্মতি দিলেও ২৩ মার্চ সকালে এনআইএ নতুন একটি পিটিশন জমা দেয়। সেখানে তারা দাবি করে, দমদম কেন্দ্রীয় কারাগারে দুই অভিযুক্তের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত এবং সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করতে আগ্রহী নয়। এরপর বিচারক অভিযুক্তদের দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি প্রদান করেন।
গত রবিবার বিচারক নিশান মজুমদার ফয়সাল করিম ও আলমগীরকে ১২ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। আদালত থেকে বের হওয়ার সময় অভিযুক্ত ফয়সাল দাবি করেন, তিনি হাদি হত্যার সঙ্গে জড়িত নন এবং তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেলেও গুলি করার কোনো প্রমাণ নেই বলে তিনি দাবি করেন। এমনকি ঘটনার সময় তিনি বাংলাদেশে ছিলেন বলেও জানান। তবে কেন তিনি ভারতে এসেছিলেন, সে বিষয়ে কোনো সদুত্তর দেননি।
এদিকে, একই মামলায় বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকেও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৩ এপ্রিল তাকে পুনরায় আদালতে তোলা হবে। ওসমানের হত্যার রহস্য উন্মোচনে এনআইএ এখন দিল্লির প্রধান কার্যালয়ে এই দুই অভিযুক্তকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করবে বলে ধারণা করা হচ্ছে।

