মোঃতাইজুল ইসলাম, বাগেরহাট, শরনখোলা প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ঈদের আনন্দ ছুঁয়ে দেখার আগেই চিরবিদায় নিল পাঁচ বছরের শিশু জুবায়ের। নতুন জামা-জুতো পরে ঈদে খেলাধুলার স্বপ্ন তার আর পূরণ হলো না।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার রাজৈর গ্রামের বাড়ির পাশের একটি লেকে ডুবে তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
নিহত জুবায়েরের বাবা, পেশায় কাঠমিস্ত্রি হালিম মল্লিক জানান, আসন্ন ঈদ উপলক্ষে তিনি রায়েন্দা বাজার থেকে ছেলের জন্য নতুন জামা ও জুতো কিনে আনেন। নতুন পোশাক পেয়ে জুবায়ের খুবই খুশি ছিল। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি—প্রিয় সেই জামা-জুতো আর তার গায়ে ওঠা হলো না।
পরিবার সূত্রে জানা যায়, ঈদের ঠিক আগ মুহূর্তে সবার অগোচরে বাড়ির পাশের ওয়াপদা বেড়িবাঁধ সংলগ্ন লেকে পড়ে যায় জুবায়ের। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যে উঠোনে নতুন পোশাক পরে হাসিখুশি ছুটে বেড়ানোর কথা ছিল, সেখানে এখন শুধুই শোকের মাতম। ছোট্ট জুবায়েরের অকাল মৃত্যুতে পুরো পূর্ব রাজৈর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

