সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার (২০ মার্চ)। বুধবার (১৮ মার্চ) চাঁদ দেখা কার্যক্রম শেষে এ ঘোষণা দেয় দেশটির কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে। ফলে বৃহস্পতিবার আরও একটি রোজা পালন করবেন দেশটির মুসল্লিরা।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। সে হিসাবে দেশে আগামী শনিবার (২১ মার্চ) ঈদ হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
এর আগে তুরস্ক সরকার শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি।
অন্যদিকে, সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা না থাকায় ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার (২১ মার্চ)।

