সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কুলাউড়ায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায়,দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে বস্ত্র ও নগদ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি জানান,সরকার গঠনের এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী মাস থেকে কৃষি কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সব সুবিধাভোগী এসব সহায়তা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন,মানুষের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং যতদিন বেঁচে থাকবেন,ততদিন এ কাজ চালিয়ে যাবেন। দীর্ঘদিন সঠিক নেতৃত্বের অভাবে কুলাউড়া অবহেলিত ছিল উল্লেখ করে তিনি বলেন,এখন থেকে উন্নয়নের কার্যক্রম দৃশ্যমান হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু,সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল,সাবেক আহ্বায়ক রেদোয়ান খান এবং ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির।
এ সময় কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান,কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, যুক্তরাজ্য বিএনপি নেতা নজরুল ইসলাম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,এ কর্মসূচির আওতায় উপজেলার ৮৫০ জন উপকারভোগীর মধ্যে শাড়ি,থ্রিপিস ও হাজি রুমাল বিতরণ করা হবে। পাশাপাশি ১ হাজার জনকে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা নগদ সহায়তা দেওয়া হবে।

