মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
প্রিয়জনের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। ফলে বুধবার (১৭ মার্চ) সকাল থেকেই দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় লেগে ছিল। তবে তেমন কোন ভোগান্তি না থাকায় নদী পার হয়ে স্বস্তিতে গন্তব্যে পৌঁছাচ্ছেন ঘরে ফেরা মানুষ ও তাদের বহনকারী যানবাহন।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে দৌলতদিয়া ঘাটে দেখা যায়, পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরি ও লঞ্চ যাত্রীঠাসা। দৌলতদিয়া ঘাট এলাকায় পর্যাপ্ত যানবাহন থাকায় আগতরা স্বস্তিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। যাত্রীদের নিরাপত্তায় ঘাট এলাকায় জেলা পুলিশ, নৌ-পুলিশ, আনসার, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
অপরদিকে ঘরমুখো যাত্রীদের যে কোন ধরনের হয়রানি ভোগান্তি রোধে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস সরেজমিন উপস্থিত থেকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। এসময় তিনি অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই মাহেন্দ্র চালককে জরিমানা করেন। এছাড়া যে কোন ধরনের অসংগতি লক্ষ্য করলে দ্রুত ব্যবস্থা গ্রহন করছেন। এছাড়া যাত্রীদের কাছে গিয়ে ভাড়া ও অন্যান্য বিষয়ে তাদের মন্তব্য গ্রহন করছেন।

