মো. তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ায় অবস্থিত যৌনপল্লীর সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে করে ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করার সুযোগ পেয়েছেন সুবিধাবঞ্চিত এসব মানুষ।
বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ কার্যালয় চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ১৩০ জন নারী ও শিশুর মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান। বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। এছাড়াও উপস্থিত ছিলেন পায়াক্ট বাংলাদেশ দৌলতদিয়ার ম্যানেজার মো. মুজিবুর রহমান খান জুয়েল, কেকেএস দৌলতদিয়া শাখার ম্যানেজার মো. শাহাদাৎ হোসেন এবং পায়াক্ট বাংলাদেশের কো-অর্ডিনেটর মো. রাজিবসহ অন্যান্যরা।
বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, তেল, আতপ চাল ও গুঁড়াদুধ।
প্রধান অতিথি মো. তারিফ উল হাসান বলেন, রাজবাড়ী জেলাকে মাদকমুক্ত করতে সবাইকে সচেতন হতে হবে এবং মাদক থেকে দূরে থাকতে হবে। তিনি আরও বলেন, মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো সরকারের চলমান উদ্যোগের অংশ। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। উপকারভোগীরাও প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, দৌলতদিয়ার যৌনপল্লীর বাসিন্দারা দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও অর্থনৈতিক সংকটে ভুগছেন। এ ধরনের সহায়তা তাদের জীবনে কিছুটা স্বস্তি এনে দেয় এবং ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তোলে।

