শাওন বেপারী, শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুরের জাজিরা উপজেলায় অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ সুমন শিকদার (৩৫) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ।
বুধবার (১৭ মার্চ) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মোহর আলী শিকদার কান্দি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুমন শিকদার এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে এবং গোপন সংবাদের আলোকে পুলিশ তার অবস্থান নিশ্চিত করে পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানকালে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যা বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন শিকদারকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

