নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দা উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মাঝেই নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রকল্পের অর্থ থেকে দুটি স্থানীয় সাংবাদিক সংগঠনকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা দেওয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যান ফোরামের বিরুদ্ধে।
সূত্র জানায়, প্রতিটি ইউনিয়ন থেকে ১০ হাজার টাকা করে সংগ্রহ করেন উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক এস এম মোখলেসুর রহমান কামরুল। চেয়ারম্যান ফোরামের পক্ষ থেকে ইতিপূর্বে অর্থ দুই সাংবাদিক সংগঠনের সভাপতির হাতে তুলে দেওয়ার বিষয়টি স্বীকার করা হয়েছে।
স্থানীয় সাংবাদিকরা প্রশ্ন তুলেছেন, যদি টাকা দেওয়া হয়ে থাকে, তবে তা সাধারণ সংবাদকর্মীদের কল্যাণে ব্যয় না হয়ে কার পকেটে গেছে। ঘটনা প্রকাশিত হওয়ার পর স্থানীয় সংবাদকর্মী ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে গণমাধ্যমের নৈতিকতার অবক্ষয় হিসেবে দেখছেন।
মান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম বিষয়টি অস্বীকার করেছেন এবং ইউএনও আখতার জাহান সাথী জানিয়েছেন, এ ধরনের কোনো অর্থ লেনদেনের বিষয়ে তার অবগত নেই। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি প্রকল্পের টাকা এমন খাতে ব্যয় করার কোনো বিধান আছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন।

