মোঃ রেজাউল হক শাকিল,
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় জালাল উদ্দীন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার বড়ধুশিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দীন উপজেলার নাগাইশ গ্রামের ফজলুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে জালাল উদ্দীন কুমিল্লা থেকে অটোরিকশা সিএজি যোগে বাড়ি ফিরছিলেন। পথে বড়ধুশিয়া কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশা তার বহনকারী অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জালাল উদ্দীনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
জালালের আকস্মিক মৃত্যুতে নাগাইশ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঈদকে সামনে রেখে পরিবারের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত টমাস বড়ুয়া বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

