ঈদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর নৌপথে আবারও ফিরেছে চিরচেনা ব্যস্ততা। টানা সরকারি ছুটি শুরু হতেই ঘরমুখো মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল।
মঙ্গলবার (১৭ মার্চ) গভীর রাত থেকেই যাত্রীদের ঢল নামে টার্মিনাল এলাকায়। ভোর ৬টার প্রথম লঞ্চে নির্বিঘ্নে উঠতে অনেকেই রাতেই এসে অবস্থান নেন সদরঘাটে। কেউ কেউ সেখানেই সেহরি সেরে অপেক্ষা করেন ভোরের যাত্রার জন্য।
চাঁদপুর রুটের লঞ্চগুলো ভোর থেকেই চলাচল শুরু করায় ওই রুটে যাত্রীদের চাপ বেশি দেখা গেছে। অন্যদিকে বরিশালগামী লঞ্চগুলো সাধারণত বিকেলের দিকে ছেড়ে যায়। ঈদযাত্রার চাপ সামাল দিতে কিছু রুটে সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।
যাত্রীরা বলছেন, ঈদ সামনে থাকায় স্বাভাবিকভাবেই যাত্রীসংখ্যা বেড়েছে। ভিড় ও কিছুটা ভোগান্তি থাকলেও পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরতে পারার আনন্দই বড়। অধিকাংশ লঞ্চের কেবিন ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে।
যাত্রীদের চাপ সামাল দিতে ব্যস্ত সময় পার করছেন লঞ্চ কর্তৃপক্ষ ও টার্মিনাল সংশ্লিষ্টরা। একই সঙ্গে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও টার্মিনাল এলাকায় তৎপর থাকতে দেখা গেছে।

