বাউফল (পটুয়াখালী ) প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজারে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি অনুযায়ী, আগুনে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন জুয়েলারি ব্যবসায়ী অসীম কর্মকার ও কমল দাস, স্টুডিও মালিক মো. ফরুক হোসেন, পুতুল ফটোস্ট্যাট, কালু দাস মোবাইল সার্ভিসিং, বদির ক্রোকারিজ, আনসার সিকদার মুদিমনোহরি, আরাফ কসমেটিকস, হাসান চাউলের দোকান, টুটুল কসমেটিকস, নিখিল খলিফা ও উজ্জ্বল ভ্যারাইটিজ স্টোরের মালিকরা।
এর মধ্যে কমল দাস, অসীম কর্মকার, আরাফ কসমেটিকস, টুটুল কসমেটিকস, উজ্জ্বল ভ্যারাইটিজ স্টোর এবং ফরুক স্টুডিওসহ অন্তত ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বাকি ৪টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসান চাউলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত উদ্ধার কাজে নেমে ফায়ার সার্ভিসকে খবর দেন।
ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাউফল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাব্বির হোসেন জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এর আগে বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে আশপাশের স্থাপনাগুলো আগুনের ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা গেছে।
ক্ষতিগ্রস্ত জুয়েলারি ব্যবসায়ী অসীম কর্মকার বলেন, “গভীর রাতে আগুন লাগায় কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যে সব পুড়ে গেছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

