মুহাম্মদ মহসিন আলী ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় ৪০০টি খাল পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব খাল ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
সোমবার (১৬ মার্চ) দুপুরে বিজয়নগর উপজেলার বোয়ালিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, নদী-নালা, খাল-বিল আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কৃষি উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে এসব জলাশয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যারা নদী-নালা ও খাল দখল বা দূষণ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এসব জলাশয় শীঘ্রই দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হবে।
তিনি আরও বলেন, জলাশয়গুলো পুনরুজ্জীবিত করা গেলে মানুষের জীবনযাত্রা যেমন উন্নত হবে, তেমনি দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।
জানা যায়, বোয়ালিয়া খালটির দৈর্ঘ্য প্রায় ৬ কিলোমিটার এবং এটি দুই প্রান্তে তিতাস নদীর সঙ্গে সংযুক্ত। এর আগে খালের ৪ কিলোমিটার অংশ খনন করা হয়েছিল। সোমবার অবশিষ্ট ২ কিলোমিটার অংশ এবং একটি শাখা খালের ১ দশমিক ৮০ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। এতে প্রায় ৩১ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ এগ্রিকালচার ডেভলপার কর্পোরেশন (বিএডিসি)।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ মান্নান ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

