সহিদুল করিম বিপ্লব, রুপগঞ্জ প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর ব্যবস্থা করা হয়েছে।
ঢাকা নদী বন্দর (সদরঘাটে) অতিরিক্ত যাত্রী চাপ কমানো এবং যাত্রীদের বিকল্প নৌপথে সহজ যাতায়াতের সুবিধার্থে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ ব্যবস্থাপনা করায় খুশি হয়েছেন কর্মজীবী যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী ঘেষা শিল্প ও ব্যবসায়িক এলাকা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা। এই উপজেলায় স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে কয়েক লাখ মানুষের বসবাস।
ফলে এসব কর্মজীবী মানুষের অন্যান্য চাহিদার মধ্যে নৌপথ ও সড়ক পথে যাতায়াতের চাহিদাটা অন্যতম।
যানজট ও নানা কারণে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তির যেন শেষ নেই।
তাই আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর ব্যবস্থা করা হয়েছে।
ঢাকা নদী বন্দর (সদরঘাটে) অতিরিক্ত যাত্রী চাপ কমানো এবং যাত্রীদের বিকল্প নৌপথে সহজ যাতায়াতের সুবিধার্থে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
গত শনিবার (১৪ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামী ১৭ মার্চ হতে ঈদের আগের দিন পর্যন্ত শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে ৩টি লঞ্চ বিশেষ সার্ভিসের মাধ্যমে বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে। সোমবার ১৬ মার্চ নৌমন্ত্রী শেখ রবিউল আলম শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু উদ্বোধন করেন।
শিমুলিয়া টুরিস্ট ঘাট (পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন) থেকে লঞ্চ চলাচলের সময়সূচি অনুযায়ী— সকাল ৮টায় শিমুলিয়া-চাঁদপুর রুটে এমভি সমতা এন্ড সমৃদ্ধি এক্সপ্রেস লঞ্চ ছেড়ে যাবে; শিমুলিয়া-চাঁদপুর রুটে সকাল ৯টায় এমভি সমতা সমৃদ্ধি-১ লঞ্চ ছেড়ে যাবে এবং সকাল ৮টায় শিমুলিয়া-বরিশাল রুটে এবং বরিশাল-শিমুলিয়া রুটে সন্ধ্যা ৭টায় এমভি রাজারহাট বি লঞ্চ ছেড়ে যাবে।
পাশাপাশি ঈদযাত্রায় যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে ঢাকা নদী বন্দর (সদরঘাট) এলাকায় প্রবীণ ও নারী যাত্রীদের ব্যবহার্য মালামাল/ব্যাগ (ব্যবসায়িক পণ্য ব্যতীত) বহনের জন্য আগামী ১৭ মার্চ হতে ২৮ মার্চ পর্যন্ত ১২ দিন টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি বা পোর্টার সেবা দেবে।
একই সময় অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য ঢাকা নদীবন্দর (সদরঘাট) ও বরিশাল নদীবন্দরে হুইল চেয়ার সেবাও প্রদান করা হবে বলে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে যে, এসব উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় হবে।
কর্মজীবী যাত্রীরা জানান, সদরঘাট থেকে বিভিন্ন নৌপথে বাড়ি ফিরতে হয়। সদর ঘাটে যেতে গিয়ে যানজটসহ নানা ভাবে ভোগান্তির শিকার হতে হয়। এখানে লঞ্চ সার্ভিস চালু হওয়ায় ভোগান্তি থেকে রক্ষা পাবে যাত্রীরা।
এমবি রাজারহাট বি লঞ্চের সুপারভাইজার সৈকত হোসেন বলেন, কর্মজীবী যাত্রীদের ভোগান্তি কমাতে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে এখানে লঞ্চ সার্ভিস ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভাড়াও সরকারের নিয়ম অনুযায়ী ধার্য করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, কর্মজীবী যাত্রীদের সুবিধার্থে তিনটি লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। ন্যায্য ভাড়া দিয়ে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সেখানে তদারকি করব। যাতে করে কোন প্রকার ঝামেলা না হয় এবং নির্বিঘ্নে যাত্রীরা লঞ্চে চড়ে যেতে পারেন।

