খুলনা মহানগরীতে রাশিকুল আনাম রাশু (৩৮) নামে এক যুবদল নেতাকে দিনের আলোতে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (১৬ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন আড়ংঘাটা রোডের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রাশু দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার শরীফুল আনামের ছেলে। তিনি দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে দৌলতপুর থানা যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজনীতির পাশাপাশি রাশু কেডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট-বালুর ব্যবসা করতেন। সোমবার সকালে তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করার সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। একটি গুলি সরাসরি তার মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আশরাফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।”
প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

