চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ আইসিপিতে অভিযান চালিয়ে দুইিটি স্বর্ণের বারসহ মো. সানি মাই (২৭) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১২ মার্চ বিকেলে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদস্যরা নিয়মিত তল্লাশিকালে তাকে আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক সানি মাই ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের বাসিন্দা। সোনামসজিদ আইসিপি দিয়ে যাওয়ার সময় আর্চওয়ে মেটাল ডিটেক্টরে তার শরীরে ধাতব বস্তুর অস্তিত্ব শনাক্ত হয়। বিজিবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অস্বীকার করেন। পরবর্তীতে শিবগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্স-রে করা হলে পায়ুপথে স্বর্ণের বারের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। পরে বিশেষ প্রক্রিয়ায় তার পায়ুপথ থেকে ২৩১.৮১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা। চাঁপাইনবাবগঞ্জ স্বর্ণ জুয়েলারি সমিতির মাধ্যমে পরীক্ষার পর উদ্ধারকৃত ধাতুর সত্যতা নিশ্চিত করা হয়েছে।
আটক যুবকের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা নানা অভিনব কৌশল অবলম্বন করলেও বিজিবি সীমান্ত ও স্থলবন্দরে সর্বদা সতর্ক রয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টদের মতে, সোনামসজিদ রুটটি স্বর্ণ পাচারের অন্যতম প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসলেও বিজিবির কঠোর নজরদারিতে তা বর্তমানে নিয়ন্ত্রিত।

