সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) দুপুরে জেলার সদর উপজেলার মোকাম বাজার বিসিক শিল্পনগরী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯,সিপিসি-২ মৌলভীবাজার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত অভিযান চালায়। অভিযানে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় ‘হ্যালো ফ্রেশ’ প্রতিষ্ঠানের নাহিদুল ইসলামকে ৬০ হাজার টাকা এবং ‘স্টার এগ্রো’ প্রতিষ্ঠানের তাহেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার মোট পরিমাণ ১ লাখ ১০ হাজার টাকা।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পণ্যের সঠিক মোড়ক ব্যবহার,মূল্য তালিকা প্রদর্শন, খাদ্যে নিষিদ্ধ উপাদান না মেশানো এবং প্রতিশ্রুত পণ্য বা সেবা সঠিকভাবে সরবরাহ করা বাধ্যতামূলক। এসব বিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড,অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

