আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:
বিএনপি নেত্রী ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনকে বরিশাল সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন–১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’-এর ধারা ২৫ ক’-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনকে নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসক একই অধ্যাদেশের ধারা ২৫ ক’-এর উপধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি প্রচলিত বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, নগর ব্যবস্থাপনা, সেবা কার্যক্রম তদারকি এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার দায়িত্ব পালন করবেন। সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কাজ ও সেবা কার্যক্রম সচল রাখতেও তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বরিশাল অঞ্চলে বিএনপির একজন পরিচিত মুখ হিসেবে বিবেচিত। আইন পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
সরকারের এই নিয়োগের মাধ্যমে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। নগরবাসীর প্রত্যাশা, নতুন প্রশাসকের নেতৃত্বে নগর ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।

