ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে মার্কিন মেরিন সেনা মোতায়েন করা হচ্ছে। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের ২,৫০০ সদস্য এখন যাত্রাপথে রয়েছে। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’। খবর আল জাজিরা।
সামরিক বিশ্লেষকদের মতে, এই মেরিন সেনারা এই যুদ্ধে মোতায়েন হওয়া প্রথম মার্কিন স্থলবাহিনী হবে। এ পদক্ষেপকে সরাসরি স্থলযুদ্ধের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং বিশেষজ্ঞরা বলছেন, খুব দ্রুত এই সংঘাত সমাধান হবে না। উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি কেবল মেরিন সেনাদের বহন করে না, বরং সমুদ্র থেকে দ্রুত স্থলভাগে সেনা নামানোর আধুনিক সুযোগ-সুবিধা এতে রয়েছে।
বিশ্লেষকদের ধারণা, খারগ দ্বীপে বিমান হামলার পর এই স্থলসেনা মোতায়েন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা সৃষ্টি করছে।

