এস কে রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জ দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সংগঠন আল- ইনসাফ মানবিক ফাউন্ডেশন এবং রাইট টক বাংলাদেশ সংগঠনের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন এর নেতৃত্বে সামাজিক সংগঠন আল- ইনসাফ মানবিক ফাউন্ডেশন এবং রাইট টক বাংলাদেশ এর কর্মীদের নিয়ে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ইউএনও নাহিয়ান নুরেন । এরপর উপজেলা প্রেসক্লাব সংলগ্ন এবং সদর বাজারেও এই পরিচ্ছন্নতা কর্মসূচি চালানো হয়।
অভিযানকালে ইউএনও নাহিয়ান নুরেন বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে মশার প্রজনন রোধ করা সম্ভব হবে।

