দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে নতুন সরকার একটি ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে দরিদ্র পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরন কার্যক্রম শুরু হয়েছে। খুব শীঘ্রই কৃষি কার্ড বিতরন শুরু হবে। আস্তে আস্তে দেশের সকল মানুষের হাতে এই কার্ড পৌঁছে দেয়া হয়ে।
মুজিবুর রহমান চৌধুরী এমপি বলেন, জনগনের অর্থে কেনা সরকারী ভিজিএফ এর চাল আপনাদের। এবার ভিজিএফ কর্মসূচিতে তুলনামূলক চিকন চাল দেয়া হচ্ছে- তাই এই চাল বিক্রি না করে নিজেরা খাবেন। এবার ভিজিএফ এর জন্য উন্নত মানের চাল বিতরন করা হচ্ছে।
সংসদ সদস্য হাজী মুজিব সুবিধাভোগীদের উদ্দেশ্য বলেন, আজ আপনারা সরকারী সহায়তার চাল গ্রহণ করছেন, আগামীতে যেন আপনারাই অন্যদের চাল সহায়তার যোগ্যতা অর্জন করতে পারেন – সরকার সেই পদক্ষেপ নিচ্ছেন।
তিনি বিপুল ভোটের ব্যবধানে তাঁকে সংসদ সদস্য নির্বাচিত করায় জনগনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ভোটের এই ভালবাসা সবার ঘরে পৌঁছে দেয়া হবে।’
এ সময় তিনি বলেন, সামনের দিনে চাল বিতরণের জন্য স্টেজ তৈরি না করে সেই টাকা দিয়ে গরীব লোকদের মধ্যে আরও চাল দেয়ার অনুরোধ করেন।
পবিত্র ঈদুল উল ফিতরকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় শ্রীমঙ্গলে ভিজিএফ এর চাল বিতরন উদ্বোধন কালে সংসদ সদস্য এসব কথা বলেন।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) সকালে তিনি ৩নং সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দরিদ্র নারী পুরুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরন কার্যক্রম উদ্বোধন করেন।
এছাড়া শ্রীমঙ্গল পৌরসভা, আশিদ্রোন, ভুনবীর, সাতগাঁও, কালাপুর, সিন্দুরখান ইউনিয়ন ও মুসলিমবাগ এলাকায় চাল বিতরন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুহিবুল্লা আকন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, প্রকল্প উন্নয়ন কর্মকর্তা প্লাবন দাস উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ, সদস্য সৈয়দ সালাউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহিউদ্দন ঝাড়ু, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

