মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
আসন্ন ঈদযাত্রাকে সামনে রেখে দৌলতদিয়া ঘাটে যাত্রীদের ভোগান্তি দূর করতে দৃশ্যমান পরিবর্তন দেখতে চান বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “বিএনপি নতুনভাবে সরকারে এসেছে। তাই ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে আগের মতো ভোগান্তির চিত্র আমরা দেখতে চাই না। ঘরমুখো মানুষ দৌলতদিয়ার মাটিতে পা রেখেই যেন পরিবর্তন অনুভব করতে পারেন। অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি কিংবা ছিনতাইয়ের মতো কোনো অভিযোগ আমরা শুনতে চাই না।”
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, “জনগণের কাছে বর্তমান সরকার জবাবদিহিতায় বিশ্বাসী। তাই সরকারি প্রতিটি কাজের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, জনগণের ভোগান্তি কমাতে প্রশাসনের সব বিভাগকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা তাদের বিভাগের কর্মপরিকল্পনা ও বিদ্যমান সমস্যার বিষয় তুলে ধরেন। এ সময় উপদেষ্টা ও প্রতিমন্ত্রী সমস্যাগুলো শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

