মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর এলাকার দক্ষিণ বাজারে কুমিল্লা-মিরপুর সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই সড়ক ঢালাইয়ের প্রস্তুতি নেওয়ায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে ঢালাইয়ের উদ্যোগ নেওয়ায় যাতায়াতে অসুবিধা ও দুর্ঘটনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা মিরপুর আঞ্চলিক সড়কের ব্রাহ্মণপাড়া সদর এলাকার দক্ষিণ বাজার অংশে সড়কের উন্নয়ন কাজ চলছে। সম্প্রতি ওই স্থানে সড়কের ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হলেও সড়কে থাকা কয়েকটি বিদ্যুতের খুঁটি সরানো হয়নি। খুঁটি রেখেই ঢালাইয়ের আয়োজন করায় বিষয়টি নিয়ে এই সড়কের যাত্রী, পথচারী ও স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
এই সড়কের যাত্রী, পথচারী ও স্থানীয়রা মনে করছেন, খুঁটি রেখেই সড়কে ঢালাই দিলে কোনো এক সময় সড়কে দণ্ডায়মান খুঁটির মাধ্যমেই দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। এজন্য তারা সড়ক থেকে খুঁটি সরিয়ে নিয়ে ঢালাইয়ের কাজ করার আহ্বান জানান। এ ব্যাপারে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তারা। তাদের দাবি, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত বিদ্যুতের খুঁটি সরিয়ে সড়কের কাজ সম্পন্ন করা হোক।
স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, সড়কে খুঁটি রেখে যদি ঢালাই করা হয়, তাহলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকবে। আগে খুঁটি সরিয়ে তারপর সড়কে ঢালাইয়ের কাজ করা উচিত। সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি।
আরেক স্থানীয় বাসিন্দা আবছার উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহালদশা ছিল। সড়কের চলমান সংস্কার কাজ একটি ভালো উদ্যোগ। তবে সড়কের খুঁটি না সরিয়ে ঢালাই করলে যানবাহন চলাচলে সমস্যা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার।
এ সড়কের সিএনজি চালিত অটোরিকশা চালক সুমন মিয়া বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন অনেক গাড়ি ও যাত্রী চলাচল করে। সড়কে খুঁটি থাকলে দুর্ঘটনার ঝুঁকি থাকে। বিশেষ করে রাতে দুর্ঘটনা ঘটতে পারে। তাই সড়কে ঢালাই দেওয়ার আগে বিদ্যুতের খুঁটি সরানো জরুরি।
এ সড়কের নিয়মিত যাত্রী আতিকুল ইসলাম বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়া আসা-যাওয়া করি। সড়ক সংস্কারে সাময়িক কষ্ট হচ্ছে তাও খুশি, তবুও সড়কটির সংস্কার সম্পন্ন হোক। তবে উপজেলা সদরের দক্ষিণ বাজারে সড়কের মধ্যে কয়েকটি বিদ্যুতের খুঁটি রেখেই ঢালাইয়ের কাজ করা হচ্ছে, এতে অদূর ভবিষ্যতে দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। সড়ক থেকে বিদ্যুতের খুঁটি সরিয়ে নিয়ে ঢালাই করা উচিত।
ব্রাহ্মণপাড়া পল্লী বিদ্যুতের ডিজিএম আবদুল আজিজ বলেন, সড়ক ও জনপথ বিভাগের লোকজন, আমাদের বিদ্যুতের লোকজন এবং বাজার কমিটির লোকজন বিদ্যুতের খুঁটি সারানো নিয়ে ইতোমধ্যে কয়েকবার বৈঠক করেছি। সড়ক বিভাগের লোকজন খুঁটি সরিয়ে কোথায় বসানো হবে তা এখনো নির্ধারণ করতে পারেননি। তবে আজকেও পল্লী বিদ্যুৎ এবং সড়ক বিভাগের লোকজন খুঁটি সরানো নিয়ে আলোচনা করছেন। আশা করছি আজকে সিদ্ধান্ত হবে।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, এটি সড়ক বিভাগের কাজ। কাজের শুরুতেই সড়ক বিভাগের সংশ্লিষ্টদের সাথে ব্রাহ্মণপাড়ার পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম ও এজিএমদের যোগাযোগ করিয়ে দিয়েছি এবং সমন্বয় করে কাজ সম্পন্ন করতে বলেছি। ফেসবুকে সড়কে খুঁটির বিষয়টি দেখে সড়ক বিভাগের এবং পল্লী বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। সড়কে বিদ্যুতের খুঁটি রেখে ঢালাই করা যাবে না এ বিষয়টি নিশ্চিত করতে তাদের বলা হয়েছে।
কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি। সড়কে বিদ্যুতের খুঁটি রেখে ঢালাইয়ের কাজ হবে না। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।

