রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর মৌজাতে সরকারি খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
উচ্ছেদ অভিযান বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে পরিচালিত হয়। অভিযানে বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমের দখলে থাকা স্থাপনা গুঁড়িয়ে দেয়ায় খাস জমি উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃত স্থাপনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে চেয়ারম্যানকে ৭ দিনের মধ্যে স্থাপনা অপসারণের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে তা অপসারণ না করায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিস ও পল্লী বিদ্যুৎ, ওজোপাডিকো, থানা পুলিশও সার্বিক সহযোগিতা করে।
উচ্ছেদ অভিযান শেষে প্রশাসন জানিয়েছে, দীর্ঘদিন ধরে দখলকৃত খাস জমি বিধিমতো উদ্ধার করা হয়েছে।

