রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় আসন্ন মহা বারুণী মেলা ও পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কাপ্তাইয়ের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। তবে সামনে দুটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন চিৎমরম (সীতারঘাট) মন্দিরের মহা বারুণী মেলা এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়তি সতর্কতা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, “উৎসবগুলোতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন কাপ্তাইয়ের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি ও টহল জোরদার করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বড় ধরনের আয়োজনকে সামনে রেখে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতির আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ফজলে রাব্বী, ৪১ বিজিবির প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা আসন্ন মেলা ও ঈদ উদযাপনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে সবার সহযোগিতা কামনা করেন এবং স্থানীয় প্রতিনিধিদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

