ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে আজ জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি এবার সরকারি দলের আসনে বসেছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হিসেবে এ অধিবেশনে অংশ নিচ্ছেন তারেক রহমান।
ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রস্তাব বাস্তবায়ন বিষয়ক আলোচনার শুরুতেই বিতর্ক ও উত্তাপ দেখা দিতে পারে। সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, যিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত ছিলেন। বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপি রাষ্ট্রপতির বক্তব্য প্রদানে আপত্তি জানিয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। দেড় বছর পর, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় ১৩ ফেব্রুয়ারি রাতে। নতুন সংসদ সদস্যরা শপথ নেন ১৭ ফেব্রুয়ারি। সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম বৈঠক আহ্বান করতে হয়। নির্বাচনের ফল ঘোষণার এক মাস পর আজ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন।

