দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই দুর্দান্ত জয় পেল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পেসার নাহিদ রানার বোলিং তোপ আর তানজিদ হাসান তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
বুধবার (১১ মার্চ) টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নাহিদ রানার গতির মুখে পড়ে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান, যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। দলের হয়ে ফাহিম আশরাফ সর্বোচ্চ ৩৭ রান করেন। বাংলাদেশের হয়ে মাত্র ২৪ রান খরচায় ৫টি উইকেট শিকার করেন নাহিদ রানা।
১১৫ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ওপেনার সাইফ হাসান মাত্র ৪ রানে ফিরলেও দলের জয় নিশ্চিত করেন তানজিদ হাসান তামিম। তিনি মাত্র ৩২ বলে নিজের হাফ-সেঞ্চুরি পূরণ করেন। শেষ পর্যন্ত ৪২ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ২৭ রান। ফলে ২০৯ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল জয় পায় স্বাগতিকরা।

