রাজধানীর গুলশান এলাকায় এক সাধারণ পথচারীকে মারধরের অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রুশ-বাংলা মডেল ও কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবির। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অনেকেই তার শাস্তির দাবি জানিয়েছেন।
ভিডিওতে দেখা যায়, মনিকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় এক পথচারী তার পাশ দিয়ে যাওয়ার সময় তার দিকে তাকালে মনিকা ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিকে মারধর শুরু করেন। ভিডিওর শেষে তাকে হাসিমুখে ‘ফ্লাইং কিস’ বা উড়ন্ত চুমু দিতেও দেখা যায়। অবাক করার বিষয় হলো, ঘটনার পর মনিকা নিজেই সেই ভিডিওটি তার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন।
ঘটনাটি নিয়ে সমালোচনা শুরু হলে মনিকা গণমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করেন। তার দাবি, ওই ব্যক্তি তার খুব কাছে এসে বাজে মন্তব্য করেছেন এবং ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেওয়ার পাশাপাশি গায়ে আপত্তিকরভাবে হাত দিয়েছেন। মনিকা আরও জানান, ঘটনার সময় তার মা ভিডিওটি ধারণ করছিলেন এবং হেনস্তার প্রতিবাদ হিসেবেই তিনি ওই ব্যক্তিকে মারধর করেছেন।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ইন্টারনেটে সমালোচনার ঝড় বইছে। অনেকের মতে, স্রেফ ভাইরাল হওয়ার উদ্দেশ্যে বা সস্তা প্রচারণার জন্য তিনি এই ভিডিওটি শেয়ার করেছেন। নিছক পথচারীকে হেনস্তা করার অভিযোগে অনেকে তাকে আইনের আওতায় আনার দাবি তুলছেন। আবার কেউ কেউ বলছেন, ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ কী ছিল তা সুষ্ঠু তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসা উচিত।

