সহিদুল করিম বিপ্লব, রুপগন্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। অভিযানের সময় তার কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
র্যাব-১ সূত্রে জানা যায়, সোমবার (১০ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১, উত্তরা ক্যাম্পের একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রিজ সংলগ্ন ৩০০ ফিট সড়কের আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে সন্দেহজনকভাবে অবস্থানরত এক ব্যক্তিকে তল্লাশি করলে তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মাসুম হাওলাদার (৩৩)। তিনি বরিশাল জেলার উজিরপুর থানার বাইশখালী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুর বর হাওলাদার।
র্যাব জানায়, অভিযানের সময় ধৃত আসামির কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। একই সঙ্গে তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যা মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট যোগাযোগের কাজে ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, মাসুম হাওলাদার দীর্ঘদিন ধরে একটি মাদক চক্রের সঙ্গে জড়িত। তিনি দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানী ঢাকা, গাজীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। মাদক পরিবহনের সময় তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলার চেষ্টা করতেন।
র্যাব আরও জানায়, ধৃত আসামি নিয়মিতভাবে দেশের বিভিন্ন মাদক বিক্রির সাথে জরিত।

