সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভেজাল চা পাতা প্রক্রিয়াজাত করার অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় এক হাজার কেজি নকল চা পাতা জব্দ করে ধ্বংস করা হয়।
বুধবার (১১ মার্চ) র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ মার্চ) বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হামিদপুর গ্রামে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় র্যাব-৯ এর সিপিসি-২ (শ্রীমঙ্গল) এবং মৌলভীবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সময় হামিদপুর গ্রামের বাসিন্দা মো. আবদুর রহিম (৬০) এর বাড়ির উঠান থেকে প্রায় এক হাজার কেজি ভেজাল চা পাতা উদ্ধার করা হয়। তিনি আব্দুর বারিকের ছেলে। অভিযোগ রয়েছে,অবৈধভাবে নকল চা পাতা প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হচ্ছিল।
এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪২ ধারায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি জব্দ করা ভেজাল চা পাতা পার্শ্ববর্তী ধানক্ষেতে ফেলে ধ্বংস করা হয়।
র্যাব জানায়,খাদ্যপণ্যে ভেজাল মিশিয়ে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এমন অপরাধ প্রতিরোধে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে এবং জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

