কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙ্গামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ ও ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় দিবসের কর্মসূচিগুলো সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা প্রমুখ।
এছাড়াও কাপ্তাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান রুবেল, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ, চন্দ্রঘোনা থানা জামায়াতের আমির লোকমান হোসেন, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা এনজিও সমন্বয়কারী বিজয় মারমা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রাথমিক কর্মসূচি নির্ধারণ করা হয়। এছাড়া ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন এবং বিশেষ দোয়ার আয়োজন নিয়েও আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, জাতীয় দিবসগুলো জাতির ইতিহাস ও অস্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ। দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণে কাপ্তাইয়ে এবারের অনুষ্ঠানগুলো স্মরণীয় করে রাখার আহ্বান জানানো হয়।

