সালমান আহমদ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদীতে অবৈধ ড্রেজার বন্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা ভূমি অফিসের এক কর্মচারী। সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা সদরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তুজাম্মিল হক নাসরুমসহ কয়েকজন ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে মাটি তুলে মাদ্রাসার ভবনের বেইজমেন্ট ভরাটের কাজ করছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসনের নির্দেশে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউর রাহয়ান সেখানে অভিযানে যান।
অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট অবৈধ ড্রেজারটি ভেঙে ধ্বংস করার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী ভূমি অফিসের পরিছন্নতাকর্মী রুবেল মিয়াসহ আরও কয়েকজন ড্রেজারটি ভাঙচুর করেন। এরপর ড্রেজারটি পুড়িয়ে দেওয়ার জন্য জ্বালানি আনতে রুবেল মিয়া বাজারের দিকে যাওয়ার সময় একদল লোক তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার মোটরসাইকেল ভাঙচুর করে এবং তাকে শারীরিক লাঞ্ছিত করে।
হামলাকারীদের সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেট পুলিশ সদস্যসহ ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। ভুক্তভোগী রুবেল মিয়া কিংবা উপস্থিত কর্মচারীরা তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেননি।
এই বিষয়ে অভিযুক্ত তুজাম্মিল হক নাসরুম জানান যে তিনি বর্তমানে অসুস্থ অবস্থায় সিলেটে অবস্থান করছেন এবং এই ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না।

