দিনাজপুরের বিরল উপজেলায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বেসরকারি দাতা উন্নয়ন সংস্থা লিভ এ লেগেসি-এর উদ্যোগে শনিবার (৯ মার্চ) হালজা উচ্চ বিদ্যালয় মাঠে ১৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দিনাজপুর জেলা প্রতিনিধি মো. শরিফুল ইসলাম–এর নেতৃত্বে আয়োজিত এই কার্যক্রমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই, আলুসহ মোট ১১ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য। উপকারভোগী পরিবাররা জানান, রমজান মাসে এই সহায়তা তাদের জন্য অনেক বড় সহায়ক হয়েছে।
মো. শরিফুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে লিভ এ লেগেসি দাতা সংস্থার পরিচালক মোহাম্মদ এবাদুর রহমান ও মোহাম্মদ হাবিবুর রহমান জুনেদ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অসহায় ও দরিদ্র মানুষের জন্য নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন। সংস্থাটি নিয়মিতভাবে খাদ্য সহায়তা, শিক্ষা সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সচেতন মহল মনে করছে, মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের অসহায় ও দরিদ্র পরিবার উপকৃত হতে থাকবে।

