ময়মনসিংহের ত্রিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স কক্ষে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ত্রিশাল উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী সভার সভাপতিত্ব করেন, এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা সঞ্চালনা করেন। অনুষ্ঠানে ত্রিশাল পৌর নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদ, একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, নারী উদ্যোক্তা ও সাংবাদিকরা বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে ১৮ জন নারী উদ্যোক্তাকে ২৫ হাজার টাকা করে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়। এরপর উপজেলা পরিষদের মূল ফটকের পাশে নারীদের জন্য নির্মিত বিশেষায়িত বিশ্রামাগার ‘ক্ষণিকা’ উদ্বোধন করা হয়।
বক্তারা আন্তর্জাতিক নারী দিবস ২০২৬-এর তাৎপর্য তুলে ধরে নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

