মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে স্বীকৃতিপ্রাপ্ত সচল সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তিকরণে দাবি জানিয়ে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ- জেলা শাখার পক্ষে থেকে সিরাজগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন।
রবিবার( ৮ মার্চ-২০২৬) দুপুরের দিকে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সন্মুখে উক্ত মানববন্ধনে কেন্দ্রীয় সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ সমন্বয়ক প্রভাষক মোঃ রায়হান কবীর (মিঠু) এর সভাপতিত্বে এবং সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা’র সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, প্রভাষক এম.এম. শামিউল ইসলাম, সুপার মোঃ আব্দুস সামাদ খান প্রমুখ।
এ মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির দফতর সম্পাদক এস. এম. তানভীর মাহমুদ পলাশ।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘ প্রায় ২০/২৫ বছর ধরে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন-ভাতা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। আওয়ামী সরকারের রাজনৈতিক বৈষম্যের শিকার (অধিকাংশ প্রতিষ্ঠান অতীত বিএনপি সরকার আমলে প্রতিষ্ঠিত) নন এমপিও বেতন বিহীন প্রতিষ্ঠানগুলোর অসহায় বেদনার কথা ইতিমধ্যে প্রায় দেড় যুগ ধরে জাতির সকল স্তরের মানুষ অবগত রয়েছে।
এই দীর্ঘ বছর পর বছর শিক্ষকেরা বেতন না পাওয়ার কারণে আমাদের জীবন বিপন্ন হয়ে পড়েছে। শিক্ষক, কর্মচারীরা দীর্ঘ বছরে রাজনৈতিক নিপীড়নের কারণে তাদের পরিবারিক জীবন দুর্বিষহ হয়ে পড়েছে, অনেকে মৃত্যু বরণ করেছে।
সংগঠনের নেতারা এমপিও নীতিমালা ২০২১ বাতিলের দাবি জানান এবং স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, স্বীকৃতিই এমপিওভুক্তির একমাত্র মানদণ্ড হওয়া উচিত। বৈষম্যমূলক নীতিমালার কারণে বহু নন-এমপিও প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। অনেক শিক্ষক আর্থিক সংকটে দিনমজুরি বা অটোরিকশা চালোনা পেশায় যুক্ত হচ্ছেন। কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করতেও বাধ্য হয়েছেন।
নেতারা আরও উল্লেখ করেন, ২০২৪ ইং সালের ৭ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলেও আজ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
নন-এমপিও প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সংগঠনটির পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

