সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চৌমুহনী এলাকায় জ্বালানি তেল বিক্রয়ে অনিয়মের অভিযোগে একটি পেট্রোল পাম্পকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৮ মার্চ ২০২৬) এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। অভিযানে পেট্রোল পাম্প বন্ধ রাখা এবং জ্বালানি তেল যথাযথভাবে বিক্রয় না করার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৪৫ ধারায় ওই পাম্পকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত নিয়ম মেনে জ্বালানি সংগ্রহ ও দৈনিক ট্রিপভিত্তিক বিক্রয় নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে জ্বালানি মজুদ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া বলেন, দেশে জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনা বা মজুদ করার কোনো প্রয়োজন নেই। তিনি আরও বলেন, “কেউ যদি অবৈধভাবে জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জনসাধারণকে বাসা-বাড়িতে অবৈধভাবে জ্বালানি মজুদ না করার আহ্বান জানান। তার মতে,এ ধরনের মজুদ আইনবিরোধী হওয়ার পাশাপাশি যেকোনো সময় অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,জ্বালানি সরবরাহ ও বিক্রয়ে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

