মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা-এ অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৬ মার্চ) রাত প্রায় ১০টার দিকে উপজেলার উজানচর ইউনিয়ন-এর ৪ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর এলাকায় মরা পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ ছিল। এতে নদীর তীরবর্তী এলাকার পরিবেশ ও কৃষিজমির ক্ষতির আশঙ্কা দেখা দেয়। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন গভীর রাতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থলে একটি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ ফুট পাইপ ধ্বংস করে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

